কুষ্টিয়া, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জঙ্গি সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরা সবাই ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মতিন মেহেদী নেতৃত্বাধীন আল্লার দলের সদস্য বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আল্লার দলের কুষ্টিয়া জেলা কমান্ডার রওনক মো. রাকিব মণ্ডলসহ স্থানীয় এক জামায়াত নেতার ছেলেও রয়েছেন।
র্যাব--১২ এর কর্মকর্তা মেজর হাসিবুল আলম জানান, সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজ এলাকা থেকে রাকিব মন্ডল (২১) কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মোট ২৪ জনকে আটক করা হয়। তবে এর মধ্যে নয় জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ তারা নিস্ক্রিয় সদস্য এবং নিজেদের ভুল বুঝতে পেরেছে।
গ্রেপ্তারকৃত বাকি আট জন হলেন, নাজমুল হাসান (২২), শফিকুল ইসলাম সুমন (২৫), লোকমান হোসেন (৩৭), মুরাদ শরীফ (২২), টিপু সুলতান (৩০), জহির উদ্দিন রিপন (২৪), তাসনিম আলম (২২) ও বাপ্পি শাহরিয়ার (২৫)।
রকিব মণ্ডলের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লাহিনী রঘুনাথপুরে। তার বাবার নাম নেসার মন্ডল। এর মধ্যে তাসনীম আলম কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আব্দুল ওয়াহেদের ছেলে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুল ওয়াহেদ, "এসব জঙ্গি সংগঠন ইসলামের শত্র"। আমার ছেলে কুষ্টিয়া সরকারি কলেজের একজন ছাত্র। তবে কিভাবে সে পথভ্রষ্ট হয়েছে তা আমি জানি না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৬ ঘ.
bdnews24