লক্ষ্মীপুর, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আদালতের নির্দেশে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার রামগঞ্জ শহরের বাড়ির মালামাল মঙ্গলবার ক্রোক করেছে পুলিশ।
অভিযানে অংশ নেতৃত্বদানকারী সদর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, সাবেক প্রতিমন্ত্রীর বাড়ি থেকে তিনটি শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র, পাঁচটি খাট, পাঁচটি সোফা, একটি ফ্রিজ, পাঁচটি আলমারি, পাঁচটি বৈদ্যুতিক পাখা ও ৪০টি চেয়ার জব্দ করা হয়।
এ সব মালামাল স্থানীয় ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান হানিফ পাটোয়ারীর জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস।
জিয়াউল হকের ঢাকা এবং রামগঞ্জের কেথুড়ির গ্রামের বাড়ির মালামালও জব্দ করা হবে কিনা-- জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম কোনও উত্তর দেননি।
একই সময় শহরের সাভারপাড়ায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের বাসার মালামালও জব্দ করা হয়।
জিয়াউল হক জিয়া, মনোয়ার হোসেনসহ পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে সদর উপজেলার জামতলা গ্রামের ব্যবসায়ী আবুল খায়ের ভূঁইয়া ১০ লাখ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারক সোমবার তাদের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
সাবেক প্রতিমন্ত্রীসহ মামলার সব আসামীই পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৬ ঘ.
bdnews24