ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির অভিযোগে যশোরে এক কলেজ অধ্যক্ষ ও ভোলায় এক মাদ্রাসা শিক্ষককে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের যশোর প্রতিনিধি জানান, ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে কলেজের সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সন্ধ্যায় রফিকুল ইসলামকে পুলিশে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন।
রফিকুলের বিরুদ্ধে জরুরি বিধিমালায় একটি মামলা হয়েছে।
বরিশাল প্রতিনিধি জানান, চরফ্যাশন উপজেলার দক্ষিন চরআইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার সহকারী সুপার আবুল বাশার হেলালীকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়।
চরফ্যাশন থানার পরিদর্শক আবদুল বাসেত জানান, প্রতারণার অভিযোগে নৌবাহিনীর সদস্যরা বাশার হেলালীকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২০ ঘ.
bdnews24