রাজশাহী, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আটক ছয় ছাত্রকে মঙ্গলবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
১৩ দিনের ব্যবধানে ক্যাম্পাস থেকে পাঁচটি বোমা উদ্ধারের ঘটনায় রোববার গভীর রাতে রুয়েটের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে এদের আটক করে যৌথবাহিনী।
আটক হওয়া ছাত্ররা হলেন আবদুল হামিদ হলের আবাসিক ছাত্র জুলফিকার, জি এম মতিউর রহমান, সজীব হোসেন, ফয়সাল আহমেদ, সাদেকুল ইসলাম এবং শহীদ সেলিম হলের সেলিম রেজা।
মতিহার থানার দায়িত্বরত উপ--পরিদর্শক ফারুক হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে ব্যবহারিক ক্লাসের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্্র সামগ্রী ও সার্কিট জব্দ করা হয়েছে।
এদিকে বুধবার আটককৃত ছাত্রদের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা থাকায় মঙ্গলবার ঐ সেমিস্টারের ছাত্ররা তাদের মুক্তির দাবিতে রুয়েট উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে। এসময় রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা পুিলশ দিয়ে তাদের তাড়িয়ে দেন বলে রুয়েট শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মফিজ উদ্দিন পুলিশ দিয়ে ছাত্রদের তাড়িয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দেয়। আটককৃত ছাত্রদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৭১৯ ঘ.
bdnews24