নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার ঘুষ লেনদেনের সময় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন, সার্টিফিকেট সহকারী মজিবর রহমান, ডুপ্লিকেটেড মেশিন অপারেটর জিহাদুল হক এবং ফতুল্লার হরিহরপাড়ায় অবস্থিত সার কারখানা হোসেন কেমিক্যাল ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা আবু সায়েম রাসেল ও সহকারী স্টোর অফিসার হুমায়ুন কবীর।
বেলা সাড়ে ১১টায় ২৫ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় র্যাব--১১ এর সদস্যরা তাদের হাতে--নাতে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
র্যাব--১১ এর লেফটেন্যান্ট মোহাম্মদ মাহতাব আলী জানান, সার কারখানাটিতে এসিড ব্যবহারের অনুমতিপত্র পাওয়ার জন্য প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুই কর্মচারীকে এই ঘুষ দিচ্ছিলেন। খবর পেয়ে র্যাব গোয়েন্দা দল ঘুষের ২৫ হাজার টাকা সহ চারজনকে গ্রেপ্তার করে।
দুই কর্মচারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান এলাহীকে 'ম্যানেজ' করার কথা বলে হোসেন কেমিক্যালের কাছে এই ঘুষ দাবি করে। র্যাব হোসেন কেমিক্যালের কর্মকর্তাদের বহনকারী গাড়ী এবং জিজ্ঞাসাবাদের জন্য চালককে আটক করেছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৪২৩ ঘ.
bdnews24