২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো বিধিমালায় নকশা অনুমোদনের সময়সীমা বাড়ল

২০০৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়া ভবন নির্মানের নকশা অনুমোদন দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব নকশা ১৯৯৬ সালের ইমারত বিধিমালা অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। পূর্ত মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়া ভবন নির্মানের নকশা অনুমোদন দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব নকশা ১৯৯৬ সালের ইমারত বিধিমালা অনুযায়ী অনুমোদন দেওয়া হবে। পূর্ত মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। সোমবার পূর্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে ভারপ্রাপ্ত পূর্ত সচিব এ এস এম রশিদুল হাই বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৬ সালের ইমারত বিধিমালার আওতায় মোট ১৬ হাজার ২০৩ টি নকশা জমা পড়েছিল। এর মধ্যে ১৩ হাজার নকশা অনুমোদন দিয়েছে রাজউক। তিনি জানান, বাকিগুলোর মধ্যে দুই হাজার নকশা সংশোধন করে ১০ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি এক হাজার নকশায় অনেক সমস্যা থাকায় সেগুলো বাতিল করা হয়েছে। ২০০৬ সালে সরকার পুরনো ইমারত বিধিমালা সংশোধন করে নতুন ইমারত নীতিমালা ২০০৭ জারি করে। সে সময় নতুন নীতিমালাটি ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা বলা হয়। নতুন নীতিমালায় ভবন নির্মাণ করতে গেলে প্রায় অর্ধেক জমি ফাঁকা রাখতে হবে। এজন্য ডেভেলপার কোম্পানি ও আগ্রহীরা সে সময় ঢাকা শহরে বাড়ি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। পুরনো বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের জন্য গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে রাজউকে ১৬ হাজার ২০৩টি নকশা জমা পড়ে। ওই নকশাগুলো অনুমোদন দেওয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। রাজউক নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন প্রক্রিয়া শেষ করতে না পারায় সময় বাড়ানোর জন্য পূর্ত মন্ত্রণালয়ে আবেদন জানায়। এই পরিপ্রেক্ষিতে পূর্ত মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি--ইএইচবি/এমএআর/জেকে/এমএইচবি/১৯৩৩ ঘ.