ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- খুলনা জেলা ভূমি অফিসের অধিগ্রহণ শাখার জরিপকারী ও ভারপ্রাপ্ত কানুনগো আলী হোসেন (৩২) কে ঘুষ নেওয়ার সময় সোমবার তার কার্যালয় থেকে হাতে--নাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার শেখ সাইদুর রহমানের একটি জমি সংক্রান্ত ঝামেলা দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার কথা বলে ভূমি অধিগ্রহণ শাখার জরিপকারী আলী হোসেন তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। আলী হোসেন শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকায় কাজটি করতে রাজি হন। সোমবার সাইদুর রহমান পাঁচ হাজার টাকা নিয়ে তাকে দিতে গেলে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।
শেখ সাইদুর রহমান জানান, পাঁচ হাজার টাকায় মধ্যস্থতার পরপরই ঘটনাটি যৌথবাহিনীকে জানান তিনি।
যৌথবাহিনী জিজ্ঞাসাবাদ শেষে বেলা দেড়টার দিকে আলী হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে সাইদুর রহমান বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমএআর/এসডি/১৯১৬ ঘ.
bdnews24