ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনে কোনো ঋণখেলাপি কিংবা করখেলাপি ব্যক্তি অংশ নিতে পারবেন না। ফৌজদারি আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজার মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর নির্বাচনে অংশ নিতে পারবেন।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশের (ট্রেড অর্গানাইজেশন অর্ডিনেন্স) ৮ (১) ধারা অনুযায়ী এ আদেশ জারি করে ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে।
প্রথম ১৫ দিনের মধ্যে আদেশটি বাস্তবায়নে ব্যর্থ হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে একই অধ্যাদেশের ৮ (২) ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, নিয়ম নীতি প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।"
তিনি বলেন, এসব অযোগ্যতা থাকলে কোনো ব্যাক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। একই নিয়ম বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সংগঠনের নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। আমরা মনে করি, এই সিদ্ধান্ত ইতিবাচক ফল বয়ে আনবে।"
এফবিসিসিআই এর ২০০৭-০৯ মেয়াদের নির্বাচন আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। মে মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, ১৭ জুন বিকেল ৪টার মধ্যে এফবিসিসিআই এর সদস্য প্রতিষ্ঠানগুলোকে ২০০৭ সালের চাঁদা ও বকেয়া পরিশোধ করতে হবে। ২০ জুন বিকেল ৪টার মধ্যে মনোনীত প্রতিনিধির নাম নির্বাচন বোর্ডে জমা দিতে হবে। ২৫ জুন প্রাথমিক ভোটার তালিকা এবং ৫ জুন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ জুলাই দুপুর ১টার মধ্যে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৬ আগস্ট নির্বাচনের পর ১৮ আগস্ট এফবিসিসিআই সভাকক্ষে ২৪ জন নির্বাচিত ও ১৪ জন মনোনিত পরিচালকদের ভোটে সভাপতি ও দুইজন সহসভাপতি নির্বাচন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমএইচএস/জেকে/এমএইচবি/১৯৩৬ ঘ.
bdnews24