২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম এখন বাড়ছে না

বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না। সোমবার বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাব পর্যালোচনার জন্য ফেরত পাঠিয়েছে সরকার। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে এবং কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না। সোমবার বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রস্তাব পর্যালোচনার জন্য ফেরত পাঠিয়েছে সরকার। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে এবং কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয় সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪৫ পয়সা এবং বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষেত্রে ৩৭ থেকে ৫২ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। সেমাবার অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের ষষ্ঠ সভায় প্রস্তাবিটি পর্যালোচনার জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। তবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি সরকার পুরোপুরি বাতিল করে দেয়নি। কেননা ভোক্তাদের এখন যে দামে বিদ্যুৎ দেওয়া হচ্ছে তা উৎপাদন ও সরবরাহ খরচের চেয়ে কম। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এখন যে দামে বিদ্যুৎ বিক্রি হচ্ছে তা উৎাপাদন খরচের চেয়েও কম। আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় এই দাম অনেক কম। এজন্য বিদ্যুৎ খাতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। এটা কীভাবে কমানো যায় তা আমদের খুঁজে দেখতে হবে।" উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করার জন্য জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরীকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাবটি পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। সোমবারের বৈঠকে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত সিলিং বা সীমারেখা বিলোপের একটি প্রস্তাবও ফেরত পাঠানো হয়। বর্তমান নিয়ম অনুযায়ী কোনো বেসরকারি প্রতিষ্ঠান ১৭৮০ মেগাওয়াটের বেশি উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে না। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "কিছু জটিলতা থাকায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া যায়নি। বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের এ বিষয়ে একটি চুক্তি আছে। ফলে সীমারেখা বিলোপের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে।" তাছাড়া হঠাৎ করে বেসরকারি কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হলে হিতে বিপরীত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, বিষয়টি পর্যালোচনার জন্যও একটি কমিটি করা হয়েছে। তারাই সীমারেখা নির্ধারণ বা বাতিলের বিষয়টি পর্যালোচনা করবেন। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন ছয়টি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত সরকার ওই প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "তেল ও জ্বালনির মতো বিষয়গুলো কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। ওই প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ।" বৈঠকে আরো দুটো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলীয় সরকারের দেওয়া ৩৮ হাজার ৬৮৫ টন গম পরিবহণের ক্ষেত্রে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে ২০০৩ সালের পিপিআর অনুসরণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ পাটকল কর্পোরেশনকে এক কোটি বস্তা সংগ্রহের জন্য ১০ শতাংশ হারে 'পারফরমেন্স গ্যারান্টি' দেওয়ার বাধ্যবাধকতা থেকেও অব্যাহতি দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এএল/জেকে/১৭১১ ঘ.