চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে চীনা পতাকাবাহী এমভি জিং সেন নামে একটি জাহাজে সোমবার সকালে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে জ্বলা আগুনে জাহাজের দুই নাবিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট কসকো শিপিংয়ের উপ মহাব্যবস্থাপক খন্দকার সিরাজ উদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তা মো. মমিন জানান, সকাল সাতটার দিকে এক নম্বর জেটিতে অবস্থান করা জাহাজটির একটি কেবিনে আগুন ধরে যায়। কেবিনের এসি থেকে এর সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মো. মমিন জানান, সকাল সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত জ্বলা আগুনে কার্গোবাহী জাহাজটির ব্রিজ ও কয়েকটি কেবিনের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমদানি করা পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আগুনের ঘটনা এবং ক্ষয়ক্ষতি তদন্তে বন্দর কর্তৃপক্ষ হারবার মাস্টার ক্যাপ্টেন জাফর উল্ল্যাহর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করেছে বলে জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
কসকো শিপিংয়ের উপ মহাব্যবস্থাপক সিরাজউদ্দিন জানান, সাধারণ পণ্যবাহী চীনা পতাকাবাহী এই জাহাজটি গত ২ জুন বন্দরের এক নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে স্টিল কয়েল, স্টিল প্লেট, পেপার রোল, ক্যামিকেলসহ প্রায় ১৬ হাজার ৫৬ মেট্টিক টন পণ্য আমদানি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/আরএআর/এএফ/এসএনডি/১২০১ ঘ.
bdnews24