রাজশাহী, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১১ দিনের ব্যবধানে চারটি তাজা বোমা উদ্ধারের পর রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার একটি ভুয়া বোমা পাওয়া গেছে। এতো সব বোমা পাওয়ার ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, সকাল নয়টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের যাত্রী ছাউনীর কাছে পথচারীরা লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে বস্তুটি থানায় নিয়ে আসে।
টেপে মোড়ানো বস্তুটির ভেতর কেবল বালি ও পাথরের টুকরো পাওয়া যায় বলে ফেরদৌস আহমেদ জানান। তার ধারণা, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ করে থাকতে পারে।
তবে তিনি বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়েই দেখছে।
গত ২২ ও ২৪ মে রুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে তিনটি এবং গত শনিবার শহীদ সেলিম হলের টয়লেট থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করা হয়। ২৪ মে উদ্ধার করা বোমার সাথে 'জাদিদ আল কায়েদা' র লিফলেটও পাওয়া যায়।
রুয়েটের শিক্ষার্থীরা জানান, প্রতিনিয়ত বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তারা চরম আতঙ্কে রয়েছেন।
ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আবদুল মফিজ জানিয়েছেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩১ ঘ.
bdnews24