কক্সবাজার, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সব রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে কক্সবাজারবাসী। তাদের বক্তব্য, কক্সবাজারে যত প্রকার সামাজিক অনাচার, চুরি--ডাকাতি হয়, তার অধিকাংশই হয় রোহিঙ্গাদের দ্বারা।
শনিবার সন্ধ্যায় শহরের হোটেল সী--প্যালেসের সম্মেলন কক্ষে বিবিসির আয়োজনে বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে সম্মিলিতভাবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের এ দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, বর্তমান সরকার যত সংস্কারই করুক, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সকল সংস্কারই ব্যর্থ হবে।
মাসুদ হাসান খানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত বাংলাদেশ সংলাপে প্যানেল বক্তা ছিলেন কক্সবাজার--৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রকৌশলী মোহাম্মদ সহিদুজ্জামান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও মহিলা নেত্রী অধ্যাপিকা এথিন রাখাইন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা ও শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।
এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন ওই সংলাপে।
হাসপাতাল সড়ক এলাকার ছাত্রী রিংকু ধর রিয়ার প্রশ্ন করেন, কক্সবাজার থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হচ্ছে না কেন?
এর জবাবে সবাই বলেন, পুরো কক্সবাজারবাসী চায় রোহিঙ্গারা এখনই তাদের দেশে চলে যাক। সহিদুজ্জামান বলেন, "আমার পক্ষে হলে বলতাম, এখনই চলে যাও। তারা কক্সবাজারের মানুষের উপর চেপে বসেছে। এমনিতেই জনসংখ্যার চাপ, তার উপর রোহিঙ্গাদের চাপ পরিস্থিতি জটিল করে তুলেছে।"
অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, "সামাজিক অনাচারের সঙ্গে এরাই জড়িত। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছেই তাদের বিষয়কে প্রমাণ রয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24