ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- রাজশাহী--খুলনা রুটে শুক্রবার থেকে কপোতাক্ষ প্রভাতী নামের একটি নতুন আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুর রহমান শুক্রবার রাজশাহী রেল স্টেশনে এই নতুন ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শুক্রবার এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তনগর ট্রেন কপোতাক্ষ প্রভাতী প্রতিদিন সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাবে এবং দুপুর ১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। খুলনা রেল স্টেশন থেকে ট্রেনটি বিকেল ৩টায় ছেড়ে রাত ৯টা ২৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। সোমবার ট্রেনটি বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন, অতিরিক্তি মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদুল্লাহ, অতিরিক্তি মহাপরিচালক মো. তৌহিদুল আনোয়ার চৌধুরী ও পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. ইকবাল মোল্লা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২২৩৫ ঘ.
bdnews24