২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পৃথক ঘটনায় ৩ জন নিহত

রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ মুদি দোকানি অলি আহম্মেদ আকন্দ (৩৫), গৃহবধু আমেনা বেগম (৩০) এবং এক অজ্ঞাত তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ মুদি দোকানি অলি আহম্মেদ আকন্দ (৩৫), গৃহবধু আমেনা বেগম (৩০) এবং এক অজ্ঞাত তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মুদি দোকানি অলি আহম্মেদ দক্ষিণ কেরানীগঞ্জ চুনুকুটিয়া বালিকা বিদ্যালয় সড়কে তার নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র এবং কাঁচের ভাঙ্গা বোতল দিয়ে গলা কেটে তাকে দোকানের সামনে রাস্তায় ফেলে রাখে। পরে বাজারের নৈশ প্রহরী হায়দার আলী খবর দিলে পুলিশ সকাল ৬টার দিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অলিকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবদুল খালেক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে কেরানীগঞ্জের সিরাজনগর, পূর্ব পাড়ায় শুক্রবার সকালে স্বামীর নির্যাতনে আমেনা বেগম (৩০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকাল ৯ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী বাচ্চু মিয়া আমেনা বেগমের মাথায় কাঠের পিঁড়ি দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় কলাতিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটায় আমেনা বেগমের মৃত্যু হয়। পরে শ্বশুর বাড়ির লোকজন তার লাশ বাড়ি নিয়ে গেলে খবর পেয়ে সন্ধ্যা ৬ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। একই দিন সকাল ১০ টার দিকে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা মালোপাড়া সড়কের একটি নির্মাণাধীন বাড়ির নীচ তলা থেকে অজ্ঞাত (১৮) এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। সন্ধ্যা সোয়া সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় মামলা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসডি/১৯২১ ঘ.