ফরিদপুর, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহতাব আলী মেথুকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এসএম তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে আটক করার পর তাকে কোতয়ালি থানা হাজতে রাখা হয়েছিল।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে তিনি থানা হাজতে অসুস্থ হয়ে পড়েন। সকাল ১০টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই বিকাল ৩টায় আদালতে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইউম শেখ জানান, মেথুকে জরুরি বিধিমালা ২০০৭ এর ১৬ ধারায় আটক দেখিয়ে ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এসএম তরিকুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেখ মাহতাব আলী মেথু ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার। ২০০৪ সালে মন্ত্রণালয়ের নির্দেশে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হাসিবুল হাসান বাবলুকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছিল।
এদিতে কোতোয়ালি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মেথুর বিরুদ্ধে ১৯৯৮ সালে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে। তাকে একমাসের আটকাদেশ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসডি/১৯১৫ ঘ.
bdnews24