রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---রাজশাহীর বাগমারা থানা পুলিশ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি--এমএল লাল পতাকার তালিকাভুক্ত দুই সদস্যকে আটক করেছে।
শুক্রবার ভোরে পুলিশ উপজেলার পলাশী ও তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, আটক সর্বহারা দলের সদস্য সাইদুর রহমান ও আবদুল কুদ্দুস পুলিশের তালিকাভুক্ত সর্বহারা সদস্য। শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাহেরপুর এলাকা থেকে সাইদুর রহমান ও পলাশী এলাকা থেকে আবদুল কুদ্দুসকে আটক করে।
আটক আবদুল কুদ্দুস বাগমারার চাঞ্চল্যকর ওমর হত্যা মামলার আসামী বলে ওসি জানান। জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১২৪৬ ঘ.
bdnews24