২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন পদত্যাগী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল ওয়াদুদ খন্দকার। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 06:43 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন পদত্যাগী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল ওয়াদুদ খন্দকার। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি এ মামলা দায়ের করেন। আব্দুল ওয়াদুদ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, অথচ ডেইলি স্টারে তাকে পদচ্যুত অতিরিক্ত এ্যটর্নি জেনারেল বলে খবর প্রকাশ করা হয়েছে। মামলার আরজি ও দাখিল করা কাগজপত্রের সঙ্গে ডেইলি স্টার পত্রিকার একটি কপিও দাখিল করা হয়। সেখানে দেখা যায় প্রকাশিত এ সংবাদটি বার্তা সংস্থা ইউএনবি'র পরিবেশিত একটি সংবাদ। মাহফুজ আনামকে অভিযুক্ত করে দায়ের করা এ মামলায় মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহ বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত ৪ মে তারিখে পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 'আবদুল ওয়াদুদ খন্দকার এ স্যাকড এডিশনাল এ্যটর্নি জেনারেল ফাইলড দি হ্যাবিয়াস করপাস পিটিশন দ্যাট ইজ লাইকলি টু বি টেইকেন আপ ফর হিয়ারিং সানডে, কোর্ট সোর্সেস সেইড'। অথচ বাদি আব্দুল ওয়াদুদ খন্দকার ১৯৯৬ সালের ১৬ জুন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন, 'আই হিয়ার বাই রেলিংকিশ দি অফিস অব এডিশনাল এ্যটর্নি জেনারেল উইথ ইমিডিয়েট ইফেক্ট '। বাদী তার আরজিতে বলেন, প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ পাঠালেও তা ছাপা হয়নি। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আ. রাকিব ও সানাউল্লাহ মিয়া। এ সম্পর্কে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা ডেইলি স্টারের প্রতিবেদন নয়। ইউএনবির প্রতিবেদন ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জিএনএ/০০২১ ঘ.