২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত নতুন অভিযোগপত্র দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন

বিশেষ জজ আদালতে বিচারাধীন তিনটি দুর্নীতির মামলা নিষ্পত্তির শেষ পর্যায়ে নতুন আরও কয়েকটি মামলার অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন। আদালতে চাপ কমাতে নতুন বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ করলেও এরই মধ্যে আর কোনো অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিশেষ জজ আদালতে বিচারাধীন তিনটি দুর্নীতির মামলা নিষ্পত্তির শেষ পর্যায়ে নতুন আরও কয়েকটি মামলার অভিযোগপত্র দেবে দুর্নীতি দমন কমিশন। আদালতে চাপ কমাতে নতুন বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ করলেও এরই মধ্যে আর কোনো অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিশেষ আদালতগুলো এখন বিচারাধীন মামলা নিয়ে ব্যস্ত আছে। এসব মামলা নিষ্পত্তির শেষ পর্যায়ে আরও কয়েকটি মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এই অভিযোগপত্রগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। কমিশন ঘোষিত 'দুর্নীতিবাজদের' প্রথম তালিকার কয়েকজনের বিরুদ্ধে ওইসব অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পত্তির হিসাব দাখিলের জন্য যে ২১ জনকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে কারাগারের বাইরের ১৪ জনই নোটিশ পেয়েছেন। তাদের নোটিশ পাওয়ার স্বীকারপত্র কমিশনের কাছে রয়েছে। তবে কারাগারে আটক সাতজনের নোটিশ পাওয়ার স্বীকারপত্র এখনো পাওয়া যায়নি। হাসান মশহুদ চৌধুরী বলেন, দুর্নীতি দমন কমিশনে কর্মকর্তার স্বল্পতার কারণে একই ব্যক্তিকে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের বিধিমালা অনুযায়ী বর্তমানে একই ব্যক্তিকে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা নিয়োগ সম্ভব নয়। এদিকে বিএনপির ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের মা জোবেদা বেগম বৃহস্পতিবার কমিশনে ডিপজলের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। এতে ডিপজলের মোট সম্পত্তির মূল্যমান পাঁচ কোটি টাকা ধরা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এসএনডি/২১১৬ ঘ.