ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চলতি সপ্তাহে নিত্য প্রয়োজনীর দ্রব্যমূল্যের মধ্যে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে কমেছে চালের দাম।
রাজধানীর কয়েকটি বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চালের দাম কেজিতে ১ থেকে ২টাকা কমেছে। সবজির দাম আগের মতোই। সয়াবিন তেলের দাম লিটার প্রতি ২টাকা বেড়েছে। বেড়েছে চিনির দামও। ডাল, আটা ও পেঁয়াজের দাম একই রকম রয়েছে।
হাতিরপুল বাজারের চাল বিক্রেতা আতিকুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমকে বলেন, গত সপ্তাহের চেয়ে চালের দাম কেজিতে ১টাকা থেকে ২টাকা কম। নাজিরশাইল চাল ২৩ টাকা এবং ভালোটা ২৮ টাকায় বিক্রি করছেন। মিনিকেট বিক্রি করছেন ২৬-২৭ টাকায়। মোটা চাল ২১-২২টাকা।
একই বাজারের আরেক বিক্রেতা মো. আব্দুল আজিজ জানান, সয়াবিন তেলের দাম লিটারে ২টাকা বেড়েছে। দেশি ডাল ৮৬-৭০ এবং ভারতীয় ডাল ৫৮-৬০ টাকায় বিক্রি করছেন। চিনির দাম কেজিতে ১ টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে। ডিমের দাম হালি ১৭-১৮ টাকা। অন্য পণ্যের দাম গত সপ্তাহের চেয়ে বাড়েনি বলে তিনি জানান।
সবজি বিক্রেতারা বলেন, বেগুন ২২-২৪টাকা, ঢেরস ১৬-২০ টাকা, পটল ১৪-১৬ টাকা, কাকরোল ১৬-২০ টাকা, টমেটো ২০-২৪ টাকায় বিক্রি করছেন। সপ্তাহে সবজির দাম কয়েকদফা ওঠানামা করেছে বলে ক্রেতা-বিক্রেতা উভয়ে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এমএইচএস/জিএনএ/২০৩১ ঘ.
bdnews24