ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মালিবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক যুবককে গুলিতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে খিলগাঁও থানার সহকারী উপ--পরিদর্শক মো. আলমাস জানান, দুপুর সোয়া ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ওই যুবককে ধাওয়া করে মালিবাগ রেলগেটের দক্ষিণ পাশে বটতলায় নিয়ে গুলি করে। সন্ত্রাসীরা চলে গেলে মো. একরাম নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ যুবককে খিলগাঁও এর খিদমাহ্ হাসাপাতালে নিয়ে যায়।
পরে খিদমাহ্ হাসপাতাল থেকে খিলগাঁও থানা পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর আড়াইটায় পুলিশ লাশ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ডান পায়ে ও পিঠে দুইটি গুলির জখমের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনাস্থল মতিঝিল থানা এলাকায় বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা মতিঝিল থানা পুলিশ নেবে বলে জানান মো. আলমাস।
তবে বিকাল চারটা পর্যন্ত এ বিষয়ে কিছুই জানতো না মতিঝিল থানা। থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা উপ--পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঢাকা মেডিকেলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24