কক্সবাজার, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করে ভূমি দখলের অভিযোগ কক্সবাজার-- ২ (মহেশখালী--কুতুবদিয়া) আসনে বিএনপির সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ ১৭ জনের কাছে প্রায় ১০২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বনবিভাগ।
এ জন্য সোনাদিয়া দ্বীপের বন কর্মকর্তা আওরঙ্গ আলম চৌধুরী বাদী হয়ে সোমবার মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মহেশখালী থানার উপ পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
বন বিভাগের অভিযোগপত্রে বলা হয়, ২০০২ সালের শুরুতে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশে অভিযুক্তরা সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বনাঞ্চলে দেড় হাজার একর জমির গাছ পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। পরে ওই জমিতে ২১টি চিংড়ি প্রকল্প গড়ে তোলা হয়।
উপকূলীয় বনবিভাগ বাধা দেওয়ার চেষ্টা করলেও মাহফুজ উল্লাহ ফরিদ ও তার নিকট আত্মীয়রা ক্ষমতার দাপট দেখিয়ে চিংড়ি ঘের তৈরি করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এজাহারে ওই ১৭ জনের বিরুদ্ধে মোট ১০১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৯০০ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৬৪৬ ঘ.
bdnews24