ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- রোজার সময় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ডাল, ভোজ্য তেল ও ছোলা আমদানি করতে বিডিআরকে অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ।
উপদেষ্টা বলেন, "বিডিআর এই পণ্যগুলো আমদানি করবে। তবে যেসব পণ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ পাইকারি বাজারদরের সঙ্গে আমদানি মূল্যের খুব একটা পার্থক্য নেই সেগুলো এখান থেকেই কেনা হবে।"
তিনি আরো জানান, রোজার আগে সরকার আমদানিকারকদের কাছ থেকে চাল, ডাল, তেল ও পিঁয়াজ কিনে ওএমএস ডিলারদের মাধ্যমে সারাদেশে বিক্রির ব্যবস্থা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে রমজানের একমাস আগে থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু করবে সরকার। এজন্য অভ্যন্তরীণ বাজার থেকে চাল সংগ্রহের পাশাপাশি বিদেশ থেকেও আমদানি করা হবে।
সরকার এবার বিদেশ থেকে ছয় লাখ টন চাল এবং দুই লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বাজার থেকে আরো ১২ লাখ টন চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা জানান, আমদানি করা এক লাখ টন চাল এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। আরো দুই লাখ টন চালের জন্য ঋণপত্র খোলা হয়েছে।
এদিকে বণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে ওজনের ওপর কড়াকড়ি পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। এতে তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে বলে আশা করছে সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরবি/জেকে/১৭২৮ঘ.
bdnews24