কুষ্টিয়া, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কুষ্টিয়ায় বুধবার রাতে পুলিশের 'ক্রসফায়ারে' দুইজন নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, নিহতরা দুটি চরমপন্থী দলের সদস্য।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, নিহতদের একজন গণমুক্তিফৌজের সদস্য ও ফাঁসির আসামি শহিদুল ইসলাম ওরফে পিক্সার (৩৫)। অন্যজন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্য তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৩২)। তোফার বিরুদ্ধেও তিনটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে মঈন উদ্দিন বলেন, কুষ্টিয়া সদর থানা পুলিশের একটি দল বুধবার বিকালে জিয়ারখী গ্রাম থেকে পিক্সার ও তোফাকে গ্রেপ্তার করে। ওই দু'জনকে সঙ্গে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। রাত পৌনে ২ টার দিকে তারা চর মিলপাড়ার বালুর ঘাট এলাকায় পৌঁছালে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পিক্সার ও তোফা পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মঈন উদ্দিন জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।
পিক্সার কুষ্টিয়া শহরের কালিশঙ্করপুরের কাওছার আলীর ছেলে। তোফার বাড়ি কুমারখালী উপজেলার দুধ--কুমড়া গ্রামে। তার বাবার নাম আইজ উদ্দিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/জেকে/১৩৪৩ ঘ.
bdnews24