২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয় চেয়ে কানাডা সরকারের কাছে আবেদন করেছে মহিউদ্দিন পরিবার

যুক্তরাষ্ট্রে সময় ফুরিয়েছে মহিউদ্দিন আহমদের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এই সাবেক সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতেই ফাঁসির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রে অভিবাসন অধিদপ্তরে আটক মহিউদ্দিনকে সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার থেকে যে কোনো দিনের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা। বিস্তারিত জানাচ্ছেন অমি রহমান পিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, ৩১ মে (বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম)---- যুক্তরাষ্ট্রে সময় ফুরিয়েছে মহিউদ্দিন আহমদের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এই সাবেক সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতেই ফাঁসির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। যুক্তরাষ্ট্রে অভিবাসন অধিদপ্তরে আটক মহিউদ্দিনকে সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার থেকে যে কোনো দিনের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা। বিস্তারিত জানাচ্ছেন অমি রহমান পিয়াল। আর তা ঠেকাতেই মরিয়া প্রচেষ্টা নিয়েছে তার পরিবার। বুধবার অটোয়াতে এক সংবাদ সম্মেলন করেছেন মহিউদ্দিনের মেয়ে সাবরিনা আহমদ। কান্নাভেজা কণ্ঠে বলেছেন, "দয়া করে আমার বাবাকে তোমাদের দেশে আসতে দাও। তাতে তোমরা নির্দোষ একটা লোকের জীবন বাঁচাবে।" ৬০ বছর বয়সী মহিউদ্দিন গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের অভিবাসন অধিদপ্তরের হাতে গ্রেপ্তার হন। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার অভিযোগে তাকে ক্যালিফোর্নিয়ার লংবিচের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। গ্রেপ্তারের সপ্তাহখানেকের মধ্যে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও আদালতে ফের আপিল করে তা ঠেকায় মহিউদ্দিনের পরিবার। তবে গত সপ্তাহের শেষে সান ফ্রান্সিসকোর নাইন্থ সার্কিট কোর্ট মহিউদ্দিনের মামলা আর শুনানী নেবে না বলে রায় দেয়। এরপরই নতুন করে শুরু হয় তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। প্রাথমিক রায়ে বলা হয়েছিল মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারো হত্যায় "সহযোগিতা কিংবা অংশগ্রহণ" করেছেন, এবং সেই সেনা অভ্যুথানটি ছিল একটি "সন্ত্রাসী কাজ"। সংবাদ সম্মেলনে আরো ছিলেন মহিউদ্দিনের স্ত্রী ও ছেলে। স্ত্রী হেনা মহিউদ্দিন তার আঁকুতিতে বলেছেন, "কানাডা সরকারের উচিত নাক গলানো, কারণ তাদের রয়েছে মানবাধিকার রক্ষার ইতিহাস। কানাডার বোঝা উচিত কাজটা ঠিক হচ্ছে না। আমি তার পাশে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত থাকব।" ছেলে রুবেন আহমেদ জানিয়েছেন তার বাবাকে "বলির পাঠা" হিসেবে ব্যবহার করা হচ্ছে, "প্রতিশোধপরায়ণ" একটি সরকার তাকে হত্যা করতে মরিয়া। বলেছেন, "এটা একটা দুঃস্বপ্ন, আমাদের পরিবার রীতিমতো নরকের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, বাবাকে হারাতে চাই না। আমরা তার দেখাশোনা করতে পারব। কানাডা সরকারের ওপর তিনি মোটেও বোঝা হয়ে চাপবেন না। আশা করছি কানাডা সঠিক কাজটি করবে, তারা অতীতেও তাই করেছে।" গ্রেপ্তারের পর মহিউদ্দিন আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন তিনি নির্দোষ। তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে এই মামলায়। ১৫ আগস্ট, ১৯৭৫ তার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর বাসভবন থেকে মাইল দুয়েক দূরে একটি রাস্তায় প্রতিবন্ধক বসানো। তার পরিবারও এই কথাগুলোকেই বারবার তুলে আনছে তাদের আর্জিতে। যদিও এর সম্পূর্ণ উল্টো ভাষ্য বঙ্গবন্ধুর উত্তরসূরীদের। তার নাতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক বিবৃতিতে বলেছেন, "মহিউদ্দিন সরাসরি খুনের সঙ্গে জড়িতদের একজন। বঙ্গবন্ধুর ১০ বছর বয়সী ছেলে শেখ রাসেলকে নিজ হাতে গুলি করে হত্যা করেছে সে।" এ ঘটনায় কানাডার কিছু প্রভাবশালী রাজনীতিবিদের সমর্থনও আদায় করেছে মহিউদ্দিনের পরিবার। লিবারেল দলের সাবেক আইন মন্ত্রী ও মন্ট্রিয়লের সাংসদ আরউইন কোটলার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মহিউদ্দিনকে আশ্রয় দেওয়ার জন্য। মহিউদ্দিন অবিচারের শিকার বলে জানিয়ে কোটলার বলেছেন, "একটা জীবন বাঁচাতে কানাডার উচিত এগিয়ে যাওয়া, এ অবস্থায় তার নিরব দর্শক হয়ে থাকা মানায় না।" তবে কাজটা খুব একটা সহজ হবে না। কানাডার আইনি সূত্রগুলো জানিয়েছে পররাষ্ট্্র বিষয়ক মন্ত্রী পিটার ম্যাককে, এমনকি প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন হবে এ ব্যাপারে। বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম/ওআরপি