গণি ৭ দিনের রিমান্ডে, আরও ৩২০ ভরি সোনার সন্ধান
প্রধান বন সংরক্ষক ওসমান গণির একটি ব্যাংক লকার খুলে বুধবার পাওয়া গেছে আরও প্রায় চার কেজি (৩২০ ভরি) স্বর্ণালংকার। এদিন উত্তরার বাসায় যৌথবাহিনীর ফের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে আরও ৬ লাখ ৯৫ হাজার নগদ টাকা।
যৌথবাহিনী আগেরদিন ওসমান গণির বাসা বনবিথী কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা ও শতাধিক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে উত্তরা থানা পুলিশ তাকে সাত দিন রিমান্ডে নেয়।
মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে উত্তরা মডেল থানায় পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা ও জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বুধবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা ও ডায়েরির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বিশ দিন রিমান্ডের আবেদন জানালে হাকিম শফিক আনোয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবারের তল্লাশি অভিযান সম্পর্কে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমন্ডিতে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একটি শাখায় ওসমান গণির একটি লকার থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ছাড়া তার বাসায় লুকিয়ে রাখা আরো ছয় লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
