ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর আজিমপুরে বুধবার বস্তা ও তেলের ড্রাম থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
নিহতরা হলেন স্বর্ণ ব্যবসায়ী সুমন চন্দ্র দাশ (৩০) ও তার কর্মচারী আশীষ। এদের মধ্যে আশীষকে জবাই করে এবং সুমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
লালবাগ থানার উপ--পরিদর্শক জুলহাস আলী মৃধা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্বাভাবিক টহল দেওয়ার সময় উপ--পরিদর্শক হাবিবুর রহমান ৪৪/সি/৪ আজিমপুরের উত্তর অংশের একটি ডাস্টবিন থেকে হাত--পা বাঁধা অবস্থায় লাশ দুটি উদ্ধার করেন।
পরে খবর পেয়ে নিহতের আত্মীয়রা মিটফোর্ড হাসপাতালের মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।
নিহত সুমনের ভাই সুব্রত পোদ্দার এবং সুভাষ পোদ্দার জানান, সুমন বিডিআর তিন নাম্বার গেটের পাশে একটি সোনার গহনা তৈরী কারখানা মালিক। আশীষ ওই দোকানেই কাজ করতো।
তারা আরো জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা দুজনকে হত্যা করে দোকান থেকে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে।
ময়না তদন্তের জন্যে লাশ মিটফোর্ড মডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সুমনের বড় ভাই সুভাষ চন্দ্র দাস বাদি হয়ে এ ব্যাপারে লালবাগ থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এএনএস/এসএনডি/জেকে/২৩২৭ ঘ.
bdnews24