রাজবাড়ী, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাংশা উপজেলার রতনদিয়া ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের আব্দুল মতিনকে (৩৫) মঙ্গলবার রাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানায়, রাত প্রায় ১১ টার দিকে ৮/১০ জনের এক দল যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হয়। মাঝরাতে বাড়ির প্রায় ২০০ গজ দুরে রাস্তার ওপর তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়।
পরে থানায় খবর দেওয়া হলে বুধবার সকালে পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আক্কাস আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ খুন হয়ে থাকতে পারে।
পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24