ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক দুই পূর্তমন্ত্রী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বিএনপি নেতা মির্জা আব্বাসের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকলে অবিলম্বে তাদের মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের হাইকোর্ট বেঞ্চ ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব রহমান ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের দায়ের করা দুটি আলাদা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।
আদালত রায়ে বলেছে, এদেশের প্রতিটি মানুষ স্বাধীন। শুধু আইনানুগভাবেই কোনো মানুষের স্বাধীনতা সীমিত করা যায়, অন্য কোনো ভাবে নয়। জরুরি অবস্থা চলার সময়ও এর ব্যতিক্রম হতে পারে না। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই রিট মামলা জরুরি অবস্থা থাকার পরও লক্ষণীয়।
রায়ে আদালত আরও বলেছে, ইঞ্জিনিয়ার মোশাররফ ও মির্জা আব্বাসের আটকাদেশে সুনির্দিষ্ট অভিযোগের কথা বলা হয়নি। অভিযোগগুলো অস্পষ্ট। এছাড়া তাদের বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট মামলা থাকায় বিশেষ ক্ষমতা আইনে তাদের অন্তরীণ রাখার আদেশ বেআইনি ও এখতিয়ার বহির্ভুত।
গত ২৫ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব জমা দিতে গেলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে র্যাব। ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ২৮ ফেব্র"য়ারি ও মির্জা আব্বাসের বিরুদ্ধে ৭ মার্চ আটকাদেশ দেয় সরকার।
এই আটকাদেশের বিরুদ্ধে রিট মামলা দায়েরের পর হাইকোর্ট গত ৬ মার্চ ইঞ্জিনিয়ার মোশাররফের ও ১৮ মার্চ মির্জা আব্বাসের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে।
রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার তানজিব উল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/
bdnews24