ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর উত্তরায় মঙ্গলবার প্রধান বনসংরক মো. ওসমান গনির বাসায় অভিযান চালিয়ে নগদ প্রায় এক কোটি টাকাসহ বেশকিছু বিদেশি মুদ্রা ও ১০০ ভরি স্বর্নালংকার উদ্ধার করেছে যৌথবাহিনী।
সারাদিন ধরে এই তল্লাশি অভিযান চালানোর পর রাত ১০টার দিকে ওসমান গনি ও তার স্ত্রীকে ধানমন্ডিতে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের শাখায় নিয়ে যায় নিয়ে যৌথবাহিনী । সেখানে তাদের নামে থাকা একটি লকারে তল্লাশি চালানো হয়।
যৌথবাহিনীর সঙ্গে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম রাত ১০ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওসমান গণির বাসায় সকাল ১১ টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৯৯ লাখ ৮৯ হাজার ৬০০ বাংলাদেশি টাকা, ১৩০০ ইউএস ডলার, ৩০০০ মালয়েশিয়ান রিংগিত ও ১০০ ভরিরও বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ওসমান গনির বিছানার তোশক, বালিশ, চালের ড্রাম, স্টোররুমে রাখা ট্রাঙ্ক ও স্টিল আলমারির চোরাকুঠুরীতে এই সব টাকা ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। স্বর্ণালংকারগুলো পাওয়া যায় স্টোররুমে স্তুপ করে রাখা খবরের কাগজের আড়ালে পুটুলি করা অবস্থায় ।
রাত ১০ টায় নজরুল ইসলাম জানান, যৌথবাহিনীর সদস্যরা ওসমাণ গনি এবং তার স্ত্রীকে নিয়ে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক, ধানমন্ডি শাখায় গেছেন। সেখানে তাদের দুজনের নামে একটি ভোল্টে বেশ কিছু স্বর্ণালংকার রাখা আছে বলে জানা গেছে।
তিনি জানান, ওসমান গনির বিরুদ্ধে মানি লন্ডারিং, পাসপোর্ট ও দুর্নীতি দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এএফ/এএনএস/এমএইচবি/১০৫৯ ঘ.
bdnews24