লালমনিরহাট, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভারত ও বাংলাদেশের ছিটমহলগুলো বিনিময় করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দুদেশের উচ্চ পর্যায়ের একটি যৌথ দল মঙ্গলবার থেকে ছিটমহলগুলো পরিদর্শন শুরু করেছে। প্রথমদিনে দলটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় তিনটি ছিটমহল পরিদর্শন করে।
ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক শাখা) মজিবর রহমানের নেতৃত্বে যৌথ দলটিতে দুদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
পরিদর্শন কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরের কাস্টমস চত্বরে দু'দেশের সদস্যরা একটি সংপ্তি বৈঠক করেন।
এতে বাংলাদেশের স্বরাষ্ট্র যুগ্ম সচিবের সঙ্গে পররাষ্ট্র ও ভূমি মন্ত্রণালয়ের নয়জন এবং ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের পররাষ্ট্র ও ভূমি জরিপ মন্ত্রণালয়ের ১১ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা যোগ দেন।
বৈঠক শেষে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত তিনটি ভারতীয় ছিটমহল পরিদর্শনের জন্য দলটি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভোটবাড়ি, লতামারী ও খড়খড়িয়ায় যায়। লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এসময় তাদের সঙ্গে ছিলেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল কবীর জানান, ছিটমহল পরিদর্শনের সময় কর্মকর্তারা ওইসব ছিটমহলবাসীর সুবিধা, অসুবিধা ও সমস্যার কথা শোনেন এবং তারা ভারত বা বাংলাদেশের সঙ্গে একীভূত থাকতে চান কিনা তা জিজ্ঞাসাবাদ করেন। তিনটি ছিটমহলের সীমানা পর্যবেণ ও ছিটমহলবাসীদের সঙ্গে প্রায় তিন ঘন্টা কথা বলার পর কর্মকর্তারা ফিরে আসেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে দু'দেশের যৌথ এই দলের সদস্যরা ভারতের জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন। বুধবার তারা ভারতের জলপাইগুড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের ধবলসুতি, কুচলিবাড়ী, জোত নিজজমা ও বালাপুকুরী নামের চারটি বাংলাদেশি ছিটমহল পরিদর্শন করবেন।
লালমনিরহাট জেলা প্রশাসক রফিকুল ইসলাম বিডিনিউজ২৪.কম কে বলেন, "আমাদের চারটা ছিটমহল ও ভারতের তিনটা ছিটমহল বিনিময় করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করার জন্য দুদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করছেন। কর্মকর্তারা বিভিন্ন ছিটমহলে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলছেন, তাদের সুবিধা ও অসুবিধার কথা জানার পাশাপাশি তাদের মতামতও নিচ্ছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৬২৬ ঘ.
bdnews24