দুর্নীতির কারণে নয় তথ্য আদায়ের জন্যও অনেকে গ্রেপ্তার হচ্ছেন: মইনুল
“যৌথবাহিনীর অভিযানে সবাইকে দুর্নীতির কারণে গ্রেপ্তার করা হচ্ছে না। অনেককে ধরা হচ্ছে তথ্য আদায়ের জন্য”, “কী অভিযোগে এদের গ্রেপ্তার করা হচ্ছে এ বিষয়ে আমার কাছে তথ্য নেই; স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য থাকতে পারে”, “আমি এ বিষয়ে অবগত নই”, “গ্রেপ্তারের দায়দায়িত্ব আমার নয়”।
পরষ্পরবিরোধী ও পারম্পর্যহীন এসব কথাই আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের। যৌথবাহিনীর তৃতীয় দফা গ্রেপ্তার অভিযানে বেশ কয়েক জন শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এ সব কথা বলেন তিনি।
ব্যারিস্টার মইনুল দাবি করেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন।
চলমান অভিযান রাজনীতিবিদদের বিরুদ্ধে-এ অভিযোগে উপদেষ্টার উত্তর, “রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে আমি কোনও কথা বলব না।”
অভিযান সম্পর্কে নিজের অজ্ঞতা নিয়ে ব্যারিস্টার মইনুল আত্মপক্ষ সমর্থনের সুরে বলেন, “সরকার আমি একা নই। আইন উপদেষ্টা হিসাবে আমার কাছে সব তথ্য আসেনি। আর এটা তো সবারই জানা, দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে।”
এ বিষয়ে ব্যারিস্টার মইনুল আরও বলেন, “সব তথ্য আমার জানা নেই। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য থাকতে পারে।”
অবশ্যু চলমান গ্রেপ্তার অভিযান নিয়ে সোমবার হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, “এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কিছু জানে না। তাদের অন্য কোনও কারণে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।”
রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, এর ওপরের পদ মর্যাদায় কাউকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “গ্রেপ্তারের দায়িত্ব আমার নয়।”
ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের আরও বলেন, “সরকার আমি একা নই। সরকার একটা সমষ্টিগত বিষয়। কাজেই এ বিষয়গুলো আপনারা অন্যদেরও জিজ্ঞাসা করুন।”
জরুরি অবস্থার মেয়াদ শেষ-শেখ হাসিনার এ বক্তব্যে ব্যারিস্টার মইনুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি পরিহাসচ্ছলে বলেন, “মেয়াদ শেষ হয়েছে ভালো হয়েছে।”
এ সময় তিনি উল্টো প্রশ্ন ছোড়েন, “রাজনৈতিক নেতাদের কথামতো চলতে হবে, এমন কোনও ম্যান্ডেট নিয়ে আমরা আসিনি। একটা সুন্দর নির্বাচন করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি। দেশকে দুর্নীতিমুক্ত করার ম্যান্ডেট নিয়ে এসেছি। রাজনৈতিক নেতারা তাদের কথা বলবে। এদের সম্পর্কে আমাকে প্রশ্ন করেন কেন?”
শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাহলে সংস্কার করবে কে?-সাংবাদিকদের এ প্রশ্নের কোনও উত্তর মেলেনি ব্যারিস্টার মইনুলের কাছে।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ও আবুল হাশেমসহ সাত রাজনীতিবিদকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
