রাজনৈতিক অস্থিরতায় ঢাকা পুঁজি বাজারে মিশ্রভাব
রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের গ্রেপ্তারের খবরে ঢাকা পুঁজি বাজারেও এর প্রভাব পড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতার কারণে মঙ্গলবার দিনের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত মিশ্রভাব বজায় ছিল।
এবি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতার কারণে দিনের শুরুতেই শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। কিন্তু কয়েকটি ব্যাংকের শেয়ার বিক্রির চাপে তা কাটিয়ে উঠতে খুব একটা সময় লাগেনি।
বেলা ১১টা ৩৮ মিনিটে ডিজিইএন বা সাধারণ সূচক এক দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ দশমিক ৯৯। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্য সূচকের পতন ঘটে। ৩ দশমিক ৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে তা দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ দশমিক ৮২।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। সোমবার দিনশেষে এর পরিমাণ ছিল ১৫৪ কোটি টাকা। আর এর আগের দিনই ১৭৮ কোটি টাকার লেনদেন করে রেকর্ড গড়েছিল শেয়ার বাজার।
মঙ্গলবার যেসব কোম্পানির লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে ৪৮টির শেয়ারের দাম, কমেছে ৮১ টির এবং ১৫টির দাম অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা ২৩ মিনিটে প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পাওয়ারি গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক এবং স্কয়ার ফার্মা এগিয়ে ছিল লেনদেনের দিক দিয়ে।
প্রাইম ব্যাংকের শেয়ার আগের দিনের ৭৯১.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। ব্যাংকটির মূলধনের পরিমাণ বিদ্যমান ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়ায় স্বভাবতই এর প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারের দামে।
অন্যদিকে শেয়ার বিক্রির চাপে পড়ে প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে। আগের দিন ব্যাংকটির শেয়ার ৩২৭.২৫ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার এর দাম কমে দাঁড়ায় ৩১৯ টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম সোমবারের ৫৯৮.২৫ টাকা থেকে কমে ৫৯৬ টাকা হয়েছে। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৭৪৮.২৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭৭০ টাকায়।
স্কয়ার ফার্মার শেয়ার সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে। আগের দিনের ৩ হাজার ৩৬০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩৮৫ টাকায় দাঁড়িয়েছে এর শেয়ারের দাম।
অন্যান্য শেয়ারের মধ্যে সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল এর শেয়ার লেনদেন হয়েছে কম। স্কয়ার টেক্সটাইল, সামিট পাওয়া ও এবি ব্যাংক ছিল এগিয়ে।
