বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শরণখোলায় বিলকিস বেগম (২১) নামে এক গৃহবধূর মুখ এসিডে ঝলসে দেওয়া হয়েছে। এ জন্য তার স্বামী রিপন হাওলাদারকে দায়ী করেছে মেয়েটির পরিবার। সোমবার সকালে খোনতাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিলকিস বেগমকে প্রথমে শরণখোলা স্বাস্থ্যকেন্দ্র এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিলকিসের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে কলহের জের ধরে তার স্বামী রিপন হাওলাদার (২৬) এই কাজ করেছে।
বিলকিসের ভাই হাসান মুন্সী জানান, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। রিপন ঢাকায় একটি টেক্সটাইল মিলে চাকুরি করে। এক লাখ টাকা যৌতুক দাবি এবং ঢাকায় রিপনের কর্মস্থলে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় কয়েক মাস ধরে রিপনের সঙ্গে তার বোন বিলকিসের সম্পর্ক ভাল যাচ্ছিল না। এই কারণে প্রায় দুই মাস আগে বিলকিস শ্বশুরবাড়ি থেকে পিত্রালয়ে চলে আসে। এর পর থেকে রিপন মাঝে মাঝে তাদের বাড়িতে এসে থেকেছে। রোববারও রিপন তাদের বাড়িতে আসে।
হাসান আরও বলেন, সোমবার সকাল ১১টার দিকে রিপন ইনজেকশনের সিরিঞ্জে ভরা এসিড বিলকিসের মুখে নিক্ষেপ করে পালিয়ে যায়।
ব্র্যাকের শরণখোলা শাখা ম্যানেজার বদরুজ্জামান এবং মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর কর্মকর্তা শ্যামল রায় জানান, এসিড জাতীয় তরল দাহ্য পদার্থে বিলকিসের ডানচোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, স্ত্রীর মুখে স্বামীর এসিড নিক্ষেপের ঘটনাটি শোনার পর দুপুরে উপ--পরিদর্শক রমেশ চন্দ্রের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/ ২৩০১ ঘ.
bdnews24