২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য না দেওয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক শেখ আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য না দেওয়ায় জন্য হাজির না হওয়ায় সোমবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ পরোয়ানা জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

বরিশাল, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক শেখ আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারাধীন একটি মামলায় সাক্ষ্য না দেওয়ায় জন্য হাজির না হওয়ায় সোমবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ পরোয়ানা জারি করেন। শেখ আবু বকর বাউফল থানায় কর্তব্যরত থাকার সময় ২০০৪ সালে ওই থানায় দায়ের হওয়া মামলাটিতে তাকে সাক্ষী করা হয়। আবু বকর বর্তমানে ঢাকা মেট্রোপলিটন উপ--পুলিশ কমিশনারের (ডিবি) কার্যালয়ে কর্মরত। সাক্ষ্য দেওয়ার জন্য ইতোমধ্যে তার কাছে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ছিল তার সাক্ষ্য দেওয়ার দিন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মুরাদ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, ২০০৪ সালের ডিসেম্বর মাসে বাউফলের চাদঁকাঠীতে নার্গিস নামে দশ বছরের একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় ১২ ডিসেম্বর শিশুটির মা ফিরোজা বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাউফল থানায় দু'জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। চার্জশিটভুক্ত ৩৬ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার রেকর্ডার উপ--পরিদর্শক শেখ আবু বকর সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/ ২০৪৭ ঘ.