২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ ও ফ্রিগেট দুর্নীতির মামলা সচলের উদ্যোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জোট সরকারের আমলে করা মিগ--২৯ ও ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা দুটি পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জোট সরকারের আমলে করা মিগ--২৯ ও ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা দুটি পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার মামলা দুটির শুনানির দিন ঠিক করার জন্য সরকার হাইকোর্টে আবেদন করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল মামলা দুটি শুনানির দিন নির্ধারণ করতে বিষয়টি আদালতের নজরে (মেনশন স্লিপ) আনেন। আদালত তা গ্রহণ করেন। আদালত এ ব্যাপারে মঙ্গলবার সিদ্ধান্ত জানাবে। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মিগ--২৯ ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রাশিয়া থেকে ৮টি মিগ--২৯ বিমান ক্রয় করে সরকারের ৭০০ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। ২০০৩ সালে শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া করা হয়। ওই বছরেই শেখ হাসিনা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। তখন হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। বিলুপ্ত ব্যুরোর আরেক কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী ২০০২ সালের ৭ আগষ্ট শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় ফ্রিগেট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, কোরিয়া দাইয়ু কোম্পানি থেকে বাংলাদেশ নৌবহরের জন্য একটি ফ্রিগেট কেনার মাধ্যমে সরকারের ৪৪৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে। ২০০৩ সালে মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরেই শেখ হাসিনা এ মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে। শেখ হাসিনার মামলা বাতিলের এ আবেদনটির চুড়ান্ত শুনানির তারিখ নির্ধারনের জন্য সরকার পক্ষ হাইকোর্টে আবেদন জানায়। এদিকে এরইমধ্যে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শেখ হাসিনার মেঘনা ঘাট বিদ্যুত প্রকল্প সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিলের জন্য সাবেক প্রধানমন্ত্রীর আবেদনের ওপর ২৫ জুলাই চুড়ান্ত শুনানির তারিখ নির্ধারন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/জিএনএ/২০১৯ ঘ.