২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা নিশ্চিত নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকার নির্বাচন দেবে: জার্মান রাষ্ট্রদূত

জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকি বলেছেন, "নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংস্কার শেষ হলেই সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের স্বার্থেই এটা করবে। আমরা নিশ্চিত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সরকার নির্বাচন দেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকি বলেছেন, "নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সংস্কার শেষ হলেই সরকার একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের স্বার্থেই এটা করবে। আমরা নিশ্চিত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সরকার নির্বাচন দেবে।" জি--এইট সম্মেলনে উপস্থাপনের জন্য প্রধান উপদেষ্টার একটি চিঠি হস্তান্তর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। আগামী ৬ থেকে ৮ জুন জার্মানির হেলিজেনড্যাম শহরে জি--এইট সম্মেলন অনুষ্ঠিত হবে। ফাঙ্ক মেইকি বলেন, "বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই।" তিনি আরো বলেন, "প্রধান উপদেষ্টার একটি চিঠির আটটি অনুলিপি আমাদের হাতে দেওয়া হয়েছে। এগুলো আমরা আটটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছে দেব।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাংলাদেশের জন্য এই সম্মেলনের মূল আগ্রহের বিষয়গুলো হচ্ছে আন্তর্জাতিক বণিজ্য, শ্রম বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা।" পররাষ্ট উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "ওই চিঠিতে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য উদারিকরণ, উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সমঝোতায় এসব দেশের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।" উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন উন্নত দেশের বাজারে গরিব দেশগুলোর ৯৭ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়া হলেও এসব দেশের মূল রপ্তানি পণ্যগুলো বাকি তিন শতাংশের ফাঁদে পড়েছে। এর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও রয়েছে। প্রধান উপদেষ্টার চিঠিতে বাংলাদেশের তৈরি পোশাককেও সুবিধাপ্রাপ্ত ৯৭ শতাংশের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/১৭৪৬ ঘ.