লোটাস কামাল ২ দিনের রিমান্ডে
আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামালকে দুটি পৃথক মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে কুমিল্লার ১নং ম্যাজিস্ট্রেট আদালতে লোটাস কামালকে হাজির করে দুটি প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ম্যাজিস্ট্রেট আতাউল গণি দুই দিন মঞ্জুর করেন।
মামলার বাদি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের দেলোয়ার হোসেন এজাহারে উল্লেখ করেন তাকে বিদেশ পাঠাতে লোটাশ কামাল অর্থ নেয়। কিন্তু বিদেশ না পাঠিয়ে তার সঙ্গে প্রতারণা করেন।
অপর মামলার বাদি, একই উপজেলার ধনাইতরী গ্রামের আবদুল কুদ্দুসও লোটাস কামালের বিরুদ্ধে একই অভিযোগে প্রতারণার মামলা দায়ের করেন।
সোমবার লোটাস কামালকে কাশিমপুর কারাগার থেকে কুমিল্লা ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তকে কোতয়ালী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হবে জানা গেছে।
গত ১ মার্চ লোটাস কামালকে ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
