২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে দুর্ধর্ষ জাসু ডাকাত আটক

কোম্পানীগঞ্জ উপজেলার চরবালুয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী ও পলাতক আসামি কুখ্যাত ডাকাত শাহাদাত প্রকাশ জাসুকে (৩২) সোমবার ভোরে দক্ষিণ মুছাপুর এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করেছে। এরপর তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সোমবার ভোরে জাসু তার সহযোগীদের নিয়ে দক্ষিণ মুছাপুর বনবিভাগের বাগানে অবস্থান করার সময় গ্রামবাসী চারদিক ঘিরে ফেলে তাকে আটক করে। তার বিরুদ্ধে চরবালুয়ার চাঞ্চল্যকর হারিচ হত্যাকাণ্ডসহ কোম্পানীগঞ্জ, সন্দ্বীপ, সোনাগাজী থানায় খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ ১০/১২টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও রয়েছে। তিনি চরএলাহির চরবালুয়া এলাকার সিরাজ মাঝির ছেলে।

চরবালুয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক জহুর আলী জানান, চরবালুয়া এলাকার ত্রাস জাসু ডাকাত গ্রেপ্তার হওয়ায় এ অঞ্চলের অপরাধ প্রবণতা অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ মুছাপুর গ্রামের জনৈক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, তাদের এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী কামরুল হাসান টিপু, হেজানবী, জামাই কাজলসহ সন্ত্রাসীরা বাইরের দাগী সন্ত্রাসীদের নিয়ে স্থানীয় ফরেস্ট বাগানে আস্তানা গড়ে তুলেছে। জাসুকে সেই আস্তানা থেকেই আটক করা হয়।

এদিকে জাসু ডাকাতকে আটক করার খবর পেয়ে মুছাপুর, চরদিয়ারা-বালুয়া গুচ্ছগ্রাম, চরলেংটা, চরবালুয়া, উডিরচর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সেখানকার হাজার হাজার লোক আনন্দ উৎসব করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।