রাজশাহীতে ৪ ছিনতাইকারীর ৪ বছর কারাদণ্ড
চার ছিনতাইকারীকে চার বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালত।
সোমবার সকালে বিচারক এস এম ফজলুল করিম চৌধুরী এ রায় দেন।
মহানগর দ্রুত বিচার আদালতের উপ-পরিদর্শক (সিএসআই) শামসুল আলম জানান, সাহেব বাজার ‘আরডিএ মার্কেট’ এ ছিনতাইয়ের ঘটনায় সেলিম ওরফে সাগর, আলম ওরফে ভোলা, রবিউল ইসলাম ও সোহেল হোসেন ওরফে সেতুকে ৪ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ওই চার আসামী গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে ব্যবসায়ী মজিবর রহমানের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করে। তারা মোটর সাইকেলে করে পালানোর সময় ব্যবসায়ীরা তাদের আটক করে থানায় সোপর্দ করে।
পরে মজিবর রহমান এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা করেন।
