রাজধানীকে চাপমুক্ত করতে চূড়ান্ত হচ্ছে জাতীয় নগরায়ণ নীতিমালা
রাজধানী ঢাকাকে চাপমুক্ত করতে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোসহ সব সুবিধাই সারাদেশে ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য শিগগিরই জাতীয় নগরায়ণ নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে একের পর এক ঢাকায় তৈরি হচ্ছে বহুতল ভবন। বিভিন্ন নাগরিক সুবিধা কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে। ফলে বাড়তে থাকা জনসংখ্যা ও অবকাঠামোর চাপে ভারাক্রান্ত হয়ে পড়েছে নগরী। এ অবস্থার অবসান ঘটিয়ে পরিছন্ন নগরী হিসাবে ঢাকাকে পরিণত করার লক্ষ্যে গত সরকারের সময়েই তৈরি হয় জাতীয় নগরায়ণ নীতিমালার খসড়া। আরও জানাচ্ছেন রুবী আহমেদ।
জোট সরকারের শেষ সময়ে ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে এই খসড়া নীতিমালা জমা দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তখন আর এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তত্ত্বাবধায়ক সরকার আসার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন সেই নীতিমালা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
নীতিমালাটি প্রণয়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অর্থনৈতিক শক্তি, পরিবহন ব্যবস্থা সামাজিক পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্যের মতো প্রতিটি বিষয়ের বিকেন্দ্রীকরণ পরিকল্পনার মূল উদ্দেশ্যে।
তিনি বলেন, “নীতিমালা কার্যকর হলে দেশের সব উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি শহরই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”
নীতিমালায় ঢাকার বাইরে সুবিধাজনক স্থানে তৈরি পোশাকের কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের নির্দেশনা রাখা হয়েছে বলে জানান অধ্যাপক নজরুল।
তিনি বলেন, “ঢাকার মধ্যে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিল্পকারখানা তৈরিতে নিরুৎসাহিত করা হবে। এর অংশ হিসাবে ঢাকা মহানগরীর মধ্যে আর কোনো নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি না দিয়ে ঢাকার বাইরে সিলেট, উত্তরবঙ্গ ও খুলনায় নতুন তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও অনুমতি দিতে যাচ্ছে সরকার।”
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মহিরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, খসড়াটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপদেষ্টার টেবিলে জমা দেওয়া হয়েছে। আমরা উপদেষ্টার সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার জন্য একটি বৈঠক করবো।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল গাফফার বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, খসড়াটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিবেচনার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হলেই নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
