২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জন সন্দেহভাজন দুর্নীতিবাজকে নোটিশ পাঠানোর প্রস্তুতি

তারেক রহমানসহ ২২ জনের সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশ পাঠানো সোমবার রাতে শুরু হওয়ার কথা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তালিকাভুক্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে হবে।

তালিকাভুক্তদের মধ্যে যারা এখন গ্রেপ্তার আছেন তাদের নোটিশ জেলে পাঠানো হবে।

কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “ সোমবার রাতের মধ্যে নোটিশ পাঠানো শুরু হবে। হিসাব জমা দেওয়ার জন্য যাদের নামে নোটিশ পাঠানো হবে তাদের সশরীরে উপস্থিত হতে হবে না। প্রতিনিধি এসে জমা দিলে হবে। জমা দিতে হবে এক সপ্তাহের মধ্যে।”

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “ আব্দুল জলিল ও লুৎফুজ্জামান বাবরসহ যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন কিছু জানে না। তাদের অন্য কোনো কারণে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে।”

রোববার কমিশনের এক সভায় নতুন করে ২২ জনের সম্পদের হিসাব চাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।

রোববার হাসান মশহুদ চৌধূরী সাংবাদিকদের বলেন, “দুর্নীতি দমন কমিশনের ধারণা এসব ব্যক্তির সম্পত্তির উৎস বৈধ নয়। বৈধভাবে এসব সম্পত্তি অর্জন করা গেছে প্রমাণ করতে পারলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু এক্ষত্রে অসৎ উপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

এর আগে গত ফেব্রুয়ারিতে দুর্নীতিবাজ সন্দেহে ৫০ জনের সম্পত্তির হিসাব চেয়েছিল দুর্নীতি দমন কমিশন। সম্পত্তির বিবরণ জমা না দেওয়া, জমা দেওয়া বিবরণে তথ্য গোপন করা এবং আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে কমিশন এ পর্যন্ত ২১টি মামলা করেছে।