অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কলেজ শিক্ষকদের বেতন ভাতার ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দাউদকান্দির জুরানপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম মুনিরুজ্জামানকে রোববার কলেজ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার চৌধুরী জানান, কুমিল্লা আমলি আদালতে কলেজের পাঁচ শিক্ষকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই মুনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
মুনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় কুমিল্লা জেলা প্রশাসক গত ফেব্রুয়ারি মাসে তাকে অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেন।
এর পর গত মার্চ মাসে জুরানপুর ডিগ্রি কলেজের পাঁচ জন শিক্ষক মুনিরুজ্জামানের বিরুদ্ধে ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচটি পৃথক মামলা করেন।
আদালত তখন মামলাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাউদকান্দি থানা পুলিশকে নির্দেশ দেয়।
