২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাংস রপ্তানির জন্য ‘হালাল সনদ’ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশ থেকে বিদেশে গরু ও ছাগলের মাংস রপ্তানির ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন থেকে ‘হালাল সনদ’ নিতে হবে। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নীতিমালার খসড়া তৈরি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

রোববার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্ত: মন্ত্রণালয়ের এক বৈঠকের পর উপদেষ্টা সিএস করিম এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “রপ্তানির জন্য হালাল পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণ সংক্রান্ত একটি নীতিমালার খসড়া তৈরি করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘বেঙ্গল মিট’ এর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।"

বৈঠক শেষে ‘বেঙ্গল মিট’ এর পরিচালক ড. শরিফ আহমেদ চৌধুরী জানান, তার প্রতিষ্ঠান স্বল্প পরিসরে দুবাইয়ে মাংস রপ্তানি শুরু করেছে। এখন প্রতিদিন এক টন গরুর মাংস দুবাইয়ে পাঠানো হচ্ছে। শিগগিরই মালয়শিয়াসহ আরো কয়েকটি দেশে প্রতিদিন ১৮ টন করে মাংস রপ্তানি শুরু করবে বেঙ্গল মিট। এর মধ্যে ১০ টন গরু এবং বাকি ৮ টন ছাগলের মাংস।

ড. শরিফ আহমেদ চৌধুরী আরো জানান, খসড়া নীতিমালায় ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সনদ পেতে প্রতিটি গরুর জন্য ১০ টাকা ও ছাগলের জন্য তিন টাকা হারে ফি নির্ধারণের কথা বলা হয়েছে।