মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তলব
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তলব করেছে হাইকোর্ট। আগামী তিন দিনের মধ্যে আদালতে এগুলো উপস্থাপনের জন্য সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ মির্জা আব্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন।
আবেদনের শুনানিতে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “মির্জা আব্বাস হাসপাতালে গুরুতর অসুস্থ। তার কিডনির রক্ত সঞ্চালন ৭০ ভাগ বন্ধ গেছে। মেডিকেল বোর্ড তার রেনাল এনজিওগ্রাম ও বাইপাস কোন উন্নত চিকিৎসা কেন্দ্রে করার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে কেবল অ্যাপোলো হাসপাতালে এই সুবিধা রয়েছে।”
শুনানিতে রোকনউদ্দিন আরও বলেন, “ডায়াবেটিস রোগে মির্জা আব্বাসের পরিবারের দুই সদস্য মারা গেছেন। তার উন্নত চিকিৎসা না করা হলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অ্যাপোলো হাসপাতালে মির্জা আব্বাসের চিকিৎসা জরুরি।”
২৫ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব জমা দিতে গেলে র্যাব মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে। ২৬ ফেব্র“য়ারি ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কারাগারে অসুস্থ হয়ে পরলে তাকে গত ২৫ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে পাঠানো হয়।
