৩৫টি স্যাটেলাইট চ্যানেল আবার চালুর সুপারিশ
১১টি পে চ্যানেলসহ ৩৫টি স্যাটেলাইট টিভি চ্যানেল আবার চালু করার অনুমতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে চ্যানেল সম্প্রচার সংক্রান্ত কমিটি।
কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চ্যানেল সম্প্রচার সংক্রান্ত কমিটির বৈঠকে এ সুপাশির করা হয়। কমিটির প্রধান ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হাসিনুর রহমান এ তথ্য জানান।
এর আগে গত ২২ মে তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে ১২টি দেশি ও ২৯ টি বিদেশি চ্যানেল ছাড়া বাকি সব ধরনের চ্যানেল ডাউন লিংক নিষিদ্ধ করা হয়।
রোববারের বৈঠকে এর বাইরে যে ১১টি পে চ্যানেলের বিষয়ে সুপারিশ করা হয়েছে সেগুলো হচ্ছে- টেন স্পোর্টস, এএক্সএন, জি ক্লাসিক, জি প্রিমিয়ার, জি বাংলা, স্টার ওয়ান, টুন ডিজনি, ডিজনি চ্যানেল, সেট ম্যাক্স, সাব টিভি (সনি) ও ট্র্যাভেল অ্যান্ড লিভিং।
রোববারের বৈঠকের পর হাসিনুর রহমান জানান, কেবল নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর আওতায় দেশে যেকোনো চ্যানেল সম্প্রচারের জন্য সরকারের অনুমতি নিতে হয়। কোয়াবের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আইনের আওতায় ২৪টি ফ্রি টু এয়ার চ্যানেল ও ১১টি পে চ্যানেল সম্প্রচারের জন্য সুপারিশ করা হয়েছে।
সুপারিশমালা শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২২ মে তথ্য মন্ত্রণালয়ের আদেশে যে ২৯টি বিদেশি চ্যানেল ব্যাংলাদেশে দেখানোর অনুমতি দেওয়া হয় সেগুলো হচ্ছে- বিবিসি ওয়ার্ল্ড, সিএনএন, ফক্স নিউজ, স্কাই নিউজ, দি হিস্টরি চ্যানেল, ইএসপিএন, হলমার্ক, ডিসকভারি চ্যানেল, কার্টুন নেটওয়ার্ক, নিকেলোডেওন, এনিমেল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, স্টার স্পোর্টস, এইচবিও, আলফা বাংলা, জি ইংলিশ, জি নিউজ, জি স্পোর্টস, জি মুভিজ, জি সিনেমা, জি এমজিএইচ, জি টিভি, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, স্টার গোল্ড, সনি টিভি ও এমটিভি।
এছাড়া সে সময় অনুমতি পাওয়া দেশি চ্যানেলগুলো হচ্ছে- এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, চ্যানেল ওয়ান, বাংলাভিশন, বৈশাখী টিভি, এসএন টেলিভিশন, ইসলামিক টিভি, দেশ টিভি, দিগন্ত টিভি ও সিএসবি।
