মিরপুরে বোমায় পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীর মিরপুরে শাহআলী থানা এলাকায় শনিবার রাতে বোমা হামলায় আতুয়ার রহমান (৩১) নামে এক সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
মিরপুর-১ নাম্বারে আকবরিয়া মসজিদের সামনে রাত সোয়া আটটার দিকে সন্ত্রাসীরা শাহআলী থানার একটি টহল দলের ওপর বোমা ছুড়লে তিনি আহত হন। পরে পুলিশ ধাওয়া করে তিনটি তাজা হাত বোমাসহ দুই যুবককে আটক করে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাত সোয়া আটটার দিকে শাহ আলী থানা পুলিশের একটি টহল দল ই ব্লকের আকবরিয়া মসজিদের সামনে পলিথিনের শপিংব্যাগ হাতে দেখে তিন যুবককে চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে একটি বোমা ছোড়ে। বোমাটি আতুয়ার রহমানের পায়ে এসে লাগে। পরে দলের অন্য পুলিশ সদস্য এবং এলাকাবাসী ধাওয়া করে তিনটি তাজা হাতবোমাসহ আব্দুল জলিল (১৮) এবং তুষার (১৭) নামে দুই সন্ত্রাসীকে ধরে ফেলে। তবে অপর এক যুবক পালিয়ে যায়।
আহত আতুয়ার রহমানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
