২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের টাকা পেয়েছেন গাজীপুরের ৪ খামার মালিক

গাজীপুরে বার্ড ফ্লু সংক্রমণের শিকার চারটি মুরগির খামারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান জেলা পশু সম্পদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চার খামার মালিকের হাতে ক্ষতিপূরণের ৮ লাখ ৫৩ হাজার ৮৯৫ টাকার চেক তুলে দেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান বিবি আয়েশা প্রশিক্ষণ কেন্দ্র পেয়েছে ৩ লাখ ৪৩ হাজার টাকা। ভাই ভাই পোল্ট্রি খামার ৩ লাখ ২০ হাজার, দুলাল পোল্ট্রি ১ লাখ ১২ হাজার এবং সুমন পোল্ট্রি ২৮ হাজার টাকা পেয়েছে।

গাজীপুর জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কফিলউদ্দিন ভূঁইয়া জানান, প্রতিটি ডিমপাড়া মুরগি ৭০ টাকা, ব্রয়লার মুরগি ৬০ টাকা এবং ডিম ৩ টাকা হিসাবে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হ্যাচারি মালিক সমিতির সঙ্গে সরকারের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত খামারগুলোতে যতগুলো মুরগি মেরে ফেলা হয়েছে তার সমান সংখ্যক একদিনের বাচ্চা বিনামূল্যে সরবরাহ করা হবে। একই সঙ্গে এসব মুরগির এক মাসের খাবারও বিনামূল্যে দেওয়া হবে।

কফিল উদ্দিন ভূঁইয়া জানান, ২ মাস পর বার্ড ফ্লু আক্রান্ত খামারের মালিকরা নতুন করে মুরগি তুলতে পারবেন। মুরগি তোলার পর ২১ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণ শেষে ফলাফল ইতিবাচক হলে তবেই তাদের স্বাভাবিক মুরগি পালনের অনুমতি দেওয়া হবে।