২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্ট ট্রাস্টের তথ্য: ১০০ বছরে দেশে ২ কোটি মানুষ উদ্বাস্তু হবে

দেশে উদ্বাস্তু বা ভাসমান মানুষের সংখ্যা এখন ৪০ লাখ। উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী ১০০ বছরে এর সঙ্গে যুক্ত হবে আরও ২ কোটি মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে কোস্ট ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ২ থেকে ৪ জুন জার্মানিতে জি--৮ সম্মেলন এবং ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, জলবায়ু স্বাভাবিকভাবেই বদলাবে। কিন্তু এখন যেভাবে বদলাচ্ছে তাতে শঙ্কিত না হয়ে উপায় নেই। ১৯৫০ সালের পর থেকে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।

গত একশ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা ০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে ০ দশমিক ৫ মিটার। ২০৫০ সাল নাগাদ এই উচ্চতা আরও ৮৫ সেন্টিমিটার বাড়তে পারে। সমুদ্রপৃষ্টের উচ্চতা আর এক মিটার বাড়লেই সুন্দরবন পুরোপুরি তলিয়ে যাবে।

বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সমুদ্র পৃষ্টের উচ্চতা এভাবে বাড়তে থাকলে একুশ শতকের শেষভাগে দেশের উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২ কোটি মানুষ উদ্বাস্ত হবে।

এছাড়া উপকূলীয় এলাকায় জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ২০৫০ সালের মধ্যে দেশের ধান উৎপাদন ১০ শতাংশ কমে যাবে। গমের উৎপাদন কমবে ৩০ শতাংশ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বঙ্গোপসাগরের দক্ষিণ--পূর্ব অংশে কুতুবদিয়া দ্বীপ সাইক্লোন, ঝড়, জ্বলোচ্ছাস ও তীব্র স্রোতের কারণে ক্রমাগত ভাঙছে। এ দ্বীপের আয়তন একসময় ছিল ২৫০ বর্গকিলোমিটার। গত একশ বছরে দ্বীপের ৬৫ শতাংশই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে।

সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষার বৃক্ষ রোপণ, ক্ষতিগ্রস্তদেশগুলোর মধ্যে জোট গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উন্নয়ন ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ট্রাস্টের মাহমুদ সেলিম ও আতিকুল ইসলাম চৌধুরী। এছাড়া কোস্ট ট্রাস্টের প্রধান সমন্বয়কারী আমিনুর রসুল বক্তব্য রাখেন।