২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে খোকন হত্যার ঘটনায় ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে মামলা

শহরের হাড়িখালি এলাকায় শুক্রবার চোর সন্দেহে গাজী আব্দুর রাজ্জাক খোকনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ভাই বাস শ্রমিক গাজী লুৎফর রহমান সদর থানায় মামলাটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মামলায় প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার শেখ ওহিদুজ্জামানকে। এ ছাড়া আরও চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়।

অপর চার আসামী হচ্ছেন, মিলন শেখ, মুদি দোকানী ইব্রাহিম শেখ, হেলাল আকন ও আরিফ শেখ। এদের সবার বাড়ি শহরের হাড়িখালি এলাকায়।

বাগেরহাট সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মোফাজ্জেল হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

তবে শনিবার বিকাল পর্যন্ত কোনও আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে শুক্রবার রাতে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে খোকনের লাশ দাফন করা হয়।

শুক্রবার পৌরসভার হাড়িখালি এলাকার ইব্রাহিমের মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চোর সন্দেহে খোকনকে তার বাড়ি থেকে ধরে এনে ব্যাপক মারধর করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতাবশত কমিশনার ওহিদুজ্জামানের নেতৃত্বে খোকনকে হত্যা করা হয়।