২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় গাড়ির জট বাড়ছে

পাটুরিয়া--দৌলতদিয়া নৌরুটে পারাপার সঙ্কট ক্রমেই বাড়ছে। ফেরি স্বল্পতার কারণে উভয় পাড়ে অপেক্ষায় থাকা গাড়ির সংখ্যা হাজার ছাড়িয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 07:04 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শনিবার সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে প্রায় আট শ গাড়ি পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিল। এর বেশিরভাগই মালবাহী ট্রাক। এর মধ্যে ১৬০টি ট্রাক বৃহস্পতিবার থেকে ঘাটে বসে আছে।  শুক্রবার এর সঙ্গে যুক্ত হয়েছে পাঁচ শতাধিক গাড়ি। দুর্ভোগ পোহাচ্ছেন এ সব গাড়ির কয়েক হাজার যাত্রী। 

বিআইডাব্লিওটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ফেরি কম থাকা সত্ত্বেও শুক্রবার ১ হাজার ৫৬৭টি গাড়ি পার করানো হয়েছে। পচনশীল দ্রব্যবাহী ট্রাকগুলোকে পারাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

সংস্থার আরিচা জোনের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ শাহাদত হোসেন জানান, পাটুরিয়া ফেরি ঘাটে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন শ গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল।

এদিকে পদ্মায় পানি বাড়তে থাকায় শনিবার দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে দুই নম্বর ঘাটটি ডুবে যাওয়ায় বাকি দুটি ঘাট দিয়েই পারাপার চলে। সন্ধ্যার দিকে দুই নম্বর ঘাটটি মেরামতের কাজ শেষ হয়। ৩ নম্বর ঘাটটি চালু থাকলেও এর পাশেই নদীর পাড় ভেঙেছে। ফলে ঘাটটি এখন হুমকির মুখে।

দৌলতদিয়া--পাটুরিয়া রুটে এখন সাতটি ফেরি চলাচল করছে। এ রুটের ছয়টি ফেরি মেরামতের জন্য পাঠানোর পরপরই বৃহস্পতিবার থেকে দুই পাড়ে গাড়ি জমতে থাকে। এর মধ্যে নদীর পানি বাড়ায় ঘাট মেরামতের কাজের কারণে অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।